‘এই ডাক্তার পাপ সারায়!’—ভিন্নরূপে মোশাররফ করিম ‘ইনসাফ’-এর পোস্টারে
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘চক্কর’ ছবিতে মোশাররফ করিমকে দেখা গেছে এক আবেগপ্রবণ চরিত্রে। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই একেবারে বিপরীত এক রূপে হাজির হলেন এই গুণী অভিনেতা। পরিচালক সঞ্জয় সমদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর নতুন পোস্টারে মোশাররফ করিমকে দেখা গেছে এমন এক লুকে, যা আগে কখনো দেখা যায়নি।
চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, হাতে রক্তাক্ত কুড়াল, কাঁধে ঝোলানো স্টেথোস্কোপ, পায়ের নিচে একটি দেহ—এই ভয়ংকর ও দানবীয় চেহারায় দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম। এই ডাক্তার যেন রোগ নয়, বিচার সারান! পোস্টারের সঙ্গে দেওয়া ক্যাপশনও ছিল বেশ তাৎপর্যপূর্ণ: ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’
পরিচালক জানিয়েছেন, ‘ইনসাফ’ একটি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। এবারই প্রথমবারের মতো এমন হিংস্র ও শক্তিশালী চরিত্রে মোশাররফ করিমকে দেখা যাবে। তবে তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, সে বিষয়ে এখনই কিছু বলেননি নির্মাতা।
ছবির মূল চরিত্রে থাকছেন শরীফুল রাজ, যিনি আগেই প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে হাজির হয়েছিলেন রক্তাক্ত কুড়াল হাতে ও ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে। তাঁর বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ। এ সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে বাণিজ্যিক ঘরানার নায়িকা হিসেবে অভিষেক ঘটছে তাঁর।
‘ইনসাফ’-এর শুটিং শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, একেবারে নীরবে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
ছবিটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র, যারা বহুদিন পর আবার চলচ্চিত্র প্রযোজনায় ফিরেছে। সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে টিওটি ফিল্মস।
পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, “৩১টি সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে তিতাস কথাচিত্রের। তাদের হাত ধরে বড় পর্দায় আবার ফিরতে পারা আমার জন্য গর্বের এবং বড় দায়িত্বও বটে।”