ভারত-পাকিস্তান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আজাদ কাশ্মীরের কোটলি, বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ এবং মুজাফফরাবাদের তিনটি স্থানে ভারত বিমান হামলা চালিয়েছে।
স্থানীয় সময় রাত ১টার দিকে এআরওয়াই নিউজকে তিনি বলেন, “কিছুক্ষণ আগে, শত্রু ভারত বাহওয়ালপুর, কোটলি ও মুজাফফরাবাদে কাপুরুষোচিত বিমান হামলা চালিয়েছে। এই হামলা ভারতের আকাশসীমার মধ্য থেকেই করা হয়েছে। পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার সুযোগ তারা পায়নি।”
তিনি আরও বলেন, “পাকিস্তান এই হামলার উপযুক্ত জবাব দেবে, সময় ও স্থানের পছন্দ আমাদের হাতে থাকবে। এই উসকানিমূলক কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
অন্যদিকে, ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে পাকিস্তানের ভেতরে ৯টি স্থানে হামলা চালানো হয়েছে। ভারত দাবি করেছে, এই অভিযান সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি এবং অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত হয়েছে; পাকিস্তানের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। আন্তর্জাতিক মহলে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।