পেঁয়াজের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে।
রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুত রয়েছে এবং দুই সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে আসবে। তবুও যদি দাম না কমে, তাহলে আমদানির অনুমোদন দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।
তিনি আরও বলেন, সরকারের কাছে বর্তমানে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০টি আবেদন রয়েছে। এর মধ্যে যদি মাত্র ১০ শতাংশ অনুমোদন দেওয়া হয়, তাহলে বাজারে পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। তবে দাম এতটা কমে না যায় যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হন, সে বিষয়েও সরকার সতর্কভাবে নজর রাখছে।