ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এলো পুত্রসন্তান

বিনোদন
বলিউড দম্পতির জীবনে নতুন সূর্যোদয়, ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তারা।বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবনে এসেছে নতুন আনন্দের বার্তা। শুক্রবার সকালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যৌথ এক বিবৃতিতে এই সুখবরটি জানিয়েছেন তারা।

যৌথ বিবৃতিতে তারা লিখেছেন:

“আমাদের জীবনে এসেছে আনন্দের উপলক্ষ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।”

চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বলিউড অঙ্গনে। লন্ডনে মায়ের কাছে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থান ভ্রমণ—এসবের কারণেই জল্পনা বাড়ে ভক্ত ও সংবাদমাধ্যমে। গত সেপ্টেম্বর নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন,- “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পূর্ণ।”

বিয়ের গল্প থেকে নতুন অধ্যায়

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। এরপর থেকে তাঁদের প্রেম, একসঙ্গে ছুটি কাটানো ও জনসমক্ষে উপস্থিতি বারবার শিরোনাম হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। আজ সেই ভালোবাসার গল্পে যুক্ত হলো এক নতুন অধ্যায়—দুজন থেকে তিনে পরিণত হলো তাঁদের সুন্দর পরিবার।