নয় ইনিংসে পাঁচটি হাফ-সেঞ্চুরি—আরো স্পষ্ট করে বললে, শেষ ছয় ইনিংসে চারবার পঞ্চাশ পেরিয়েছেন। এমন ধারাবাহিক পারফরম্যান্সই যেন বলে দিচ্ছে, আইপিএল ২০২৫-এ কী দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। কেউ দেখে বলবে না, প্রায় ১১ মাস হয়ে গেছে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন!
সাবেক ভারতীয় তারকা সুরেশ রায়না তাই একটু আফসোস করেই বললেন, "ভিরাট অনেক আগেভাগেই টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ছন্দে খেললে ২০২৬ সাল পর্যন্তও খেলা যেত!"
বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪২ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পোস্টার বয়। ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংস যেন কোহলির ক্লাসিক স্টেটমেন্ট। চলতি আসরে তার রান সংখ্যা এখন ৩৯২, গড় ৬৫.৩৩ আর স্ট্রাইক রেট ১৪৪.১১। টুর্নামেন্টে তার চেয়ে বেশি রান আছে কেবল গুজরাটের সাই সুদার্শনের (৪১৭)।
গতবারের আইপিএলেও কোহলি ছিলেন রানের ফোয়ারা ছুটিয়ে দেওয়া ব্যাটসম্যান। ১৫ ইনিংসে ৭৪১ রান করে দ্বিতীয়বারের মতো জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। এবার মাত্র ৯ ইনিংসে পাঁচটি ফিফটি করে আবারও ছুটছেন সেই লক্ষ্যেই। তার দলও এখনো আছে প্লে-অফের জোর লড়াইয়ে।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণে জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন কোহলি। ফাইনালে খেলেছিলেন ৫৯ বলে ৭৬ রানের ‘ম্যান অব দ্য ম্যাচ’ ইনিংস। রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও বিদায় নিয়েছেন তখনই।
তবে রায়নার মনে হয়, কোহলি চাইলে আরও খেলতে পারতেন। "আইপিএল যেভাবে খেলছে আর ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যে তার অবদান দেখলেই বোঝা যায়—ও এখনো টপ ফর্মে। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে সেঞ্চুরি, সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ম্যাচ উইনিং ইনিংস—সব মিলিয়ে ওর অবসরের সময়টা সত্যিই আগেভাগেই এসেছে," বলেন রায়না।