কূটনৈতিক উত্তেজনায় অনিশ্চিত রোহিতদের বাংলাদেশ সফর

খেলা-ধুলা

চলতি বছরের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। নির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশ-ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে এই সফর এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সফরটি বাতিল হয়ে যেতে পারে।

প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, “যদিও এই সফর আন্তর্জাতিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত ছিল, তবে বর্তমান পরিস্থিতিতে তা এখনো চূড়ান্ত হয়নি। বিসিসিআই এখনও সফর নিয়ে কোনো প্রস্তুতি নেয়নি।” এ ছাড়া বাংলাদেশে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার একটি মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের একটি ফেসবুক পোস্টের উল্লেখ করেছে, যেখানে তিনি লেখেন, “ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তবে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এবং এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক উদ্যোগ বিবেচনা করা।” ভারতের দৃষ্টিকোণ থেকে এমন মন্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে, এ মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতিকে প্রতিফলিত করে না। সরকার এই মন্তব্যকে কোনোভাবেই অনুমোদন বা সমর্থন করে না। সেই সঙ্গে সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে, যেন এ মন্তব্যের জন্য বাংলাদেশ সরকারকে দায়ী না করা হয়।

পরিস্থিতির জটিলতায় শুধু আগস্টের বাংলাদেশ সফর নয়, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টও কূটনৈতিক সংকটের প্রভাবে পেছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।