ইউটিউবে রাজত্ব করছেন ফারাহ খান , সিনেমার চেয়ে ইউটিউব থেকে বেশি আয়

বিনোদন
দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করে আসছেন ফারাহ খান। কখনও নৃত্যপরিচালক, কখনও পরিচালক—বিভিন্ন ভূমিকায় নিজেকে তুলে ধরেছেন তিনি। হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ বলিউডের প্রথম সারির তারকাদের নাচে মাতিয়েছেন ফারাহ। পরে পরিচালক হিসেবেও সফলতা পান—তাঁর পরিচালিত প্রথম দুটি ছবি বক্স অফিসে সাড়া ফেলেছিল। তবে পরের দুটি ছবি, ‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’, বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং প্রযোজকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফারাহ খান জানিয়েছেন, চলচ্চিত্রে ব্যর্থতার পর একসময় তাঁর হাতে কোনো কাজ ছিল না। তখনই নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেন তিনি—এবার ইউটিউবে। বাড়ির রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে খুলেছেন নিজের ইউটিউব চ্যানেল। সেখানে পাওয়া যায় তাঁর স্বভাবসুলভ রসিকতা, রান্নার মুহূর্ত এবং তারকাদের সঙ্গে হাস্যরসপূর্ণ আলাপচারিতা। এই নতুন যাত্রাতেই দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তা ফিরে পেয়েছেন ফারাহ।

তিনি জানান, ইউটিউব থেকেই এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আয় করেন। যদিও সঠিক অঙ্ক প্রকাশ করেননি, জানা গেছে, ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে তাঁর পারিশ্রমিক ৫০ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে।

তিন সন্তানের জননী ফারাহ খান—দিব্যা, অন্যা ও সিজারের বয়স বর্তমানে ১৭ বছর। সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ সামলাতেই নাকি ইউটিউব শুরু করেছিলেন তিনি।

ফারাহ বলেন, “জীবন অন্য কারও চারপাশে ঘুরে বেড়ানো উচিত নয়। খুশি ও ভালো থাকা আসে নিজের ভেতর থেকে। কাজ আমায় খুশি রাখে, তাই যতদিন পারব, কাজ করে যাব—চাইলে ৮০ বছর পর্যন্ত।”

সূত্র: আনন্দবাজার, আজকাল