কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর উদ্ভূত তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার ভোরে চালানো এ অভিযানে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদ এলাকায় হামলা হয়েছে বলে জানায় পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, ভারত পরিকল্পিতভাবে এই অঞ্চলের শান্তি বিনষ্ট করতে চাইছে।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ভারত 'অপারেশন সিন্দুর' নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানের আওতায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মোট নয়টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
ভারতীয় পক্ষ বলেছে, তাদের লক্ষ্য শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ছিল। পাকিস্তানের সেনাবাহিনীর কোনো স্থাপনাকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়নি।
উল্লেখ্য, পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হন, যার পরিপ্রেক্ষিতেই ভারত এই সামরিক পদক্ষেপ নেয় বলে মনে করা হচ্ছে।