ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র: 'এই যুদ্ধ আমাদের বিষয় নয়'

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি ভূমিকা নেই। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা যত দ্রুত সম্ভব প্রশমিত হওয়া উচিত। তবে আমরা এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করি না।”

তিনি স্পষ্ট করে দেন, “এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াতে চায় না। কারণ এটি আমাদের বিষয় নয় এবং আমাদের এতে হস্তক্ষেপ করারও কোনো সুযোগ নেই।”

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ করেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন। উত্তেজনার সূচনা ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর হয়, যা ভারত পাকিস্তানের ঘাড়ে চাপালেও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইউক্রেন ও গাজা সংকট সামলাতেই ব্যস্ত, ফলে দক্ষিণ এশিয়ার এই নতুন উত্তেজনায় তারা সরাসরি চাপ প্রয়োগ থেকে আপাতত বিরত থাকতে পারে।

তবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে উত্তেজনা হ্রাসে সরাসরি সংলাপের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “পাল্টা পদক্ষেপের এই চক্র থামা উচিত এখনই।”

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে উভয় দেশকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

এই ঘটনাপ্রবাহের দিকে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর নজর রাখছে।