যুক্তরাজ্যের রাজপরিবার থেকে স্বেচ্ছা নির্বাসনে যাওয়া প্রিন্স হ্যারি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে হাজির হয়েছেন যুক্তরাজ্যের আপিল আদালতে। গতকাল মঙ্গলবার (স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে) আদালতে উপস্থিত হন তিনি। তাঁর সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জনের বেশি মানুষ, তিনজন বিচারক এবং বহু সাংবাদিক।
২০২০ সালে স্ত্রী মেগান মারকেলকে সঙ্গে নিয়ে রাজকীয় সব দায়িত্ব ছেড়ে দেন হ্যারি। এরপর তাঁরা যুক্তরাজ্য ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজপরিবারের সদস্যদের জন্য বরাদ্দ অনেক সুবিধা থেকে বঞ্চিত হন তিনি।
বিশেষ করে ব্রিটেনে অবস্থানকালে তাঁর জন্য বরাদ্দ নিরাপত্তার স্তর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেই আইনি লড়াই শুরু করেন হ্যারি। এই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত তাঁর ও পরিবারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।
আদালতে হ্যারি বলেন, রাজকীয় দায়িত্বে না থাকলেও একজন সাবেক রাজপরিবারের সদস্য হিসেবে তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সে কারণেই তিনি আইনের সহায়তা নিচ্ছেন।
হ্যারি ও মেগান বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ব্রিটেনে আসা-যাওয়ার প্রয়োজন হলে নিরাপত্তার বিষয়টি এখনো এক জটিল সমস্যা হয়ে আছে। সেই জটিলতারই বিচার চেয়ে তিনি হাজির হয়েছেন আদালতে।