ওয়েলসের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন (কেট মিডলটন) তাদের ব্যক্তিগত পারিবারিক স্কি ছুটির ছবি প্রকাশের ঘটনায় ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় জয় পেয়েছেন বলে কেনসিংটন প্রাসাদ জানিয়েছে।
গত এপ্রিলে আল্পস পর্বতমালায় রাজপরিবারের ওই ছুটির সময় তোলা ছবিগুলোতে প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস ক্যাথরিন এবং তাঁদের সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট ও প্রিন্স লুইসকে দেখা যায়। ছবিগুলো প্যারিস ম্যাচ ম্যাগাজিনে প্রকাশিত হয়, যা প্রাসাদের ভাষায় “দূর থেকে তোলা পাপারাজ্জি ফটোগ্রাফ” এবং “চরমভাবে অনধিকারচর্চামূলক” একটি প্রতিবেদনের অংশ ছিল।
কেনসিংটন প্রাসাদের এক মুখপাত্র বলেন,
“ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেস ফ্রান্সে প্যারিস ম্যাচ-এর মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সফলভাবে আইনি পদক্ষেপ নিয়েছেন, যারা তাঁদের ব্যক্তিগত পারিবারিক ছুটির সময় তোলা দীর্ঘ লেন্সের পাপারাজ্জি ছবি প্রকাশ করেছিল।”
তিনি আরও বলেন,
“আদালতের এই রায় প্রমাণ করেছে যে, রাজপরিবারের সদস্য হিসেবে তাঁদের জনসম্মুখের দায়িত্ব থাকা সত্ত্বেও, তাঁদের এবং তাঁদের সন্তানদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অধিকার রয়েছে—এবং এর অবৈধ হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।”
প্রিন্স ও প্রিন্সেস তাঁদের সন্তানদের বেড়ে ওঠার সময় অযথা গণমাধ্যমের নজরদারি থেকে দূরে রাখার ব্যাপারে বরাবরই সচেষ্ট। মুখপাত্র আরও জানান,
“তাঁরা তাঁদের পরিবারের ব্যক্তিগত সময়ের সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।”
জানা গেছে, প্রতিবেদনটি প্রকাশের প্রায় দুই সপ্তাহ পর, ২৮ এপ্রিল মামলাটি ফ্রান্সে দায়ের করা হয়। জুন মাসে মৌখিক শুনানি অনুষ্ঠিত হয়, এবং সেপ্টেম্বর মাসে আদালতের প্রেসিডেন্ট একটি অন্তর্বর্তী আদেশ জারি করেন, যা ১৪ অক্টোবর চূড়ান্ত রূপ পায়।
নান্তের আদালত রায়ে জানায়, প্যারিস ম্যাচ প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস ক্যাথরিন এবং তাঁদের সন্তানদের গোপনীয়তা ও চিত্র অধিকার লঙ্ঘন করেছে। ম্যাগাজিনটিকে দম্পতির ফ্রান্সের আইনি খরচ বহন করতে এবং আদালতের নির্দেশ অনুযায়ী একটি বিচারিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে