ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি ও অর্থপাচার মামলায় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে ও ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন নয়াদিল্লির একটি বিশেষ জজ আদালত। শুক্রবার মামলার শুনানিতে বিচারক বিশাল গোগনে এই নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী আগামী ৮ মে তাদের ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে। বিচারকের মতে, “ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্তদের উপস্থিতি অত্যন্ত জরুরি।”
উল্লেখ্য, ‘ন্যাশনাল হেরাল্ড’ ছিল এক সময় কংগ্রেসের মুখপাত্র হিসেবে পরিচিত একটি ইংরেজি দৈনিক। এটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা পন্ডিত জওহরলাল নেহরু। কাগজটি পরবর্তীতে হিন্দি ও উর্দু সংস্করণেও প্রকাশিত হতো। তবে আর্থিক সংকটে পড়ে ২০০৮ সালে এটি বন্ধ হয়ে যায়।
এই পত্রিকা এবং এর দুই অঙ্গপ্রতিষ্ঠান—অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) ও ইয়াং ইন্ডিয়া লিমিটেডের (ওয়াইআইএল)—পরিচালনা পর্ষদে ছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী। ২০১২ সালে বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী তাদের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি রুপির তহবিল তছরুপ ও অর্থপাচারের অভিযোগ তোলেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালে সিবিআই জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। আদালত সে সময় মামলা খারিজ করে দেয়। তবে ২০২১ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলাটি পুনরুজ্জীবিত করতে চেয়ে আদালতে আবেদন করে এবং পরে তদন্তের দায়িত্ব পায়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ইডি একাধিকবার সোনিয়া ও রাহুলকে জিজ্ঞাসাবাদ করে।
এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৮ মে। ওই দিন আদালতে হাজির থাকতে হবে গান্ধী মা-ছেলেকে।