জংলি’ এবার পাকিস্তানে: উর্দু ডাবিংয়ে মুক্তি পাচ্ছে

বিনোদন

ঢাকার আলোচিত সিনেমা ‘জংলি’ এবার পা রাখতে চলেছে পাকিস্তানের প্রেক্ষাগৃহে। এম রাহিম পরিচালিত এ ছবিটি ইতোমধ্যেই ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দেশ-বিদেশে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার উর্দু ভাষায় ডাবিংয়ের মাধ্যমে সিনেমাটি পাকিস্তানে মুক্তি পাচ্ছে বলে জানানো হয়েছে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী এক বিবৃতিতে জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই ‘জংলি’ পাকিস্তানে মুক্তি পাবে।

টাইগার মিডিয়া প্রযোজিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ, যার অভিনয়ে ফুটে উঠেছে এক বুনো ও প্রতিবাদী চরিত্র। তার পাশাপাশি শিশু অভিনেত্রী নৈঋতা ‘পাখি’ চরিত্রে এবং বুবলী ও দীঘিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।

চিত্রনাট্যে কাজ করেছেন মেহেদী হাসান মুন এবং কলকাতার সুকৃতি সাহা, আর মূল গল্পটি লিখেছেন আজাদ খান।

‘জংলি’ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং সেখানেও ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো।

এর আগে শাকিব খান অভিনীত ‘তুফান’ এবং শরীফুল রাজের ‘দেয়ালের দেশ’ও পাকিস্তানে মুক্তি পেয়েছিল, যা বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক বাজারে উপস্থিতির একটি ইতিবাচক ধারা তৈরি করছে।