৭০ বছর বয়সে কোরআন হিফজ , বাহা অঞ্চলের প্রবীণ নারীর অনন্য দৃষ্টান্ত

আন্তর্জাতিক
সৌদি আরবের বাহা অঞ্চলের ৭০ বছর বয়সী হামদাহ আল-গামেদী কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ দুই দশকের পরিশ্রম, আগ্রহ ও নিরলস প্রচেষ্টার ফলেই তিনি এই লক্ষ্য অর্জনে সক্ষম হন। ফলাহি সংস্থা ‘তরতীল’-এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্রের নিয়মিত নজরদারিতেই তার হিফজ যাত্রা সম্পূর্ণ হয়।

সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪ জানায়, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত নানা শারীরিক অসুবিধা ও ব্যস্ততার মধ্যেও হামদাহ আল-গামেদীর অদম্য ইচ্ছাশক্তিই তাকে এগিয়ে নিয়েছে। এই অর্জনকে ঘিরে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে।

তার শিক্ষিকা বলেন, “হামদাহ আল-গামেদী সত্যিকার অর্থেই একটি অনুকরণীয় উদাহরণ। নিয়মিত উপস্থিতি, দৃঢ় মনোবল ও অবিচল নিষ্ঠা দিয়ে তিনি দেখিয়েছেন, বয়স কোনো বাধা নয়।” তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারাও তার অধ্যবসায় ও মনোবলকে প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “কোরআন মানুষের জীবনে আলো ছড়িয়ে দেয়। যে আন্তরিকভাবে কোরআনের পথে অগ্রসর হয়, তার জন্য আল্লাহ তাআলা পথ সহজ করে দেন—বয়স যাই হোক না কেন।”