ভারতের আমদানি নীতিতে হঠাৎ পরিবর্তনের কারণে বুড়িমারী স্থলবন্দরে আটকে গেছে প্রাণ আরএফএল গ্রুপের খাদ্যপণ্য বোঝাই ১৭টি ট্রাক। এসব পণ্য আজ (রোববার) সকালে শিলিগুড়ির উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার কথা থাকলেও, গতকাল (শনিবার) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নতুন বিধিনিষেধ কার্যকরের পর এসব ট্রাক আটকে পড়ে।
প্রাণ আরএফএল গ্রুপ জানিয়েছে, গতকাল শনিবার ট্রাকগুলো বুড়িমারী সীমান্তে পৌঁছায়। তবে ভারতের নতুন নির্দেশনা অনুযায়ী, পোশাকসহ কিছু নির্দিষ্ট বাংলাদেশি পণ্যের স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা সঙ্গে সঙ্গেই কার্যকর করে ভারতীয় কর্তৃপক্ষ। এর ফলে এসব খাদ্যপণ্য ভারতে প্রবেশ করতে পারেনি।
প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল প্রথম আলোকে জানান, “ভারত সরকারের নতুন বিধিনিষেধের কারণে বুড়িমারীতে আমাদের ১৭টি রপ্তানি পণ্যের ট্রাক আটকে যায়। ট্রাকগুলোতে প্রায় সোয়া এক কোটি টাকার খাদ্যপণ্য ছিল। আমরা এখন ট্রাকগুলো ফিরিয়ে আনছি এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”
তিনি আরও বলেন, বর্তমানে তারা স্থলপথে নতুন কোনো পণ্য পাঠানোর উদ্যোগ নিচ্ছেন না।
এই পরিস্থিতিতে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো উদ্বেগে রয়েছে এবং দ্রুত সমাধানের জন্য দ্বিপাক্ষিক আলোচনার আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।