ঢাকার এক আদালত জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে হত্যার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সোমবার এই আদেশ দেন। ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার ২২ অক্টোবর আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু ঘটার পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলা করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক আশরাফুল হক, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।