ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

আন্তর্জাতিক
পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশান্স (আইএসপিআর) জানিয়েছে, ভারতের মিসাইল হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে। প্রতিরক্ষা সূত্র উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী সীমান্ত অতিক্রম করে আসা ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদক্ষেপকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী স্থল এবং আকাশপথে শত্রুর বিরুদ্ধে “যথাযথ প্রতিক্রিয়া” জানাচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।

পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ নিশ্চিত করেছে, বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোটসহ বিভিন্ন শহর থেকে আগত বিমানগুলো নিরাপদে করাচিতে অবতরণ করছে।

প্রসঙ্গত, এর আগে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলার জবাবে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালায়। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।