এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশে পৌঁছাবে। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৫.১ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এডিবি তাদের ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) এপ্রিল ২০২৫’ প্রতিবেদনে জানায়, চলতি বছরে মূল্যস্ফীতি বেড়ে ১০.২ শতাংশে পৌঁছাবে, যা ২০২৪ অর্থবছরের ৯.৭ শতাংশ থেকে বেশি। পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব, বাজার তথ্যের ঘাটতি, সরবরাহের সীমাবদ্ধতা এবং টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে, বাণিজ্য ঘাটতি কমে যাওয়ার এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে চলতি হিসাবের ঘাটতি জিডিপির ১.৪ শতাংশ থেকে কমে ০.৯ শতাংশে নেমে আসবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জেয়ং বলেন, "বাংলাদেশের অর্থনীতি সহনশীল থাকলেও কিছু কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা হলে আরও শক্তিশালী হয়ে উঠবে।" তৈরি পোশাক খাতে রপ্তানি বৃদ্ধি পেলেও রাজনৈতিক উত্তরণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চ্যালেঞ্জ তৈরি করেছে।
এডিবি জানায়, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং শিল্প খাতে কিছু উন্নতি হলেও, অর্থনৈতিক সংকোচন এবং বিশ্ববাজারের শুল্ক বৃদ্ধি বাংলাদেশে রপ্তানি এবং প্রবৃদ্ধি বৃদ্ধিতে সীমাবদ্ধতা তৈরি করতে পারে।