শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয়, লা লিগার শিরোপার দৌড়ে বেঁচে রইল রিয়াল মাদ্রিদ

খেলা-ধুলা
লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচই এখন রিয়াল মাদ্রিদের জন্য জীবন-মরণ ব্যাপার। একটিও হার বা ড্র মানে শিরোপার স্বপ্ন ধুলিসাৎ। এমন এক দুঃসাধ্য সময়ে সেল্তা ভিগোর মুখোমুখি হয়ে রীতিমতো হৃদয় থমকে দেওয়া এক জয় তুলে নিয়েছে রিয়াল।

ম্যাচের শুরুতে অবশ্য কোনো উত্তেজনার আভাস ছিল না। দুর্দান্ত খেলা উপহার দিয়ে ৪৮ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পে করেন জোড়া গোল, অন্যটি করেন আর্দা গুলের। গুলের আবার একটি অ্যাসিস্টও যোগ করেন নিজের নামের পাশে। গোলরক্ষক কোর্তোয়ার দুর্দান্ত সেভের পর পাল্টা আক্রমণে এমবাপ্পের প্রথম গোলটি আসে, আর গুলেরের বুলেট গতির শট থেকে আসে প্রথম গোল।

তবে এরপরেই নাটকীয়ভাবে বদলে যেতে থাকে ম্যাচের দৃশ্যপট। ৬৯ ও ৭৬ মিনিটে দুটি গোল করে ব্যবধান ৩-২ করে ফেলে সেল্তা ভিগো। জাভি রদ্রিগেজ ও উইল্ট সুইডবার্গের গোলে এক সময় ম্যাচে সমতা ফেরানোর মতো অবস্থানে চলে আসে তারা। শেষ সময়টা ছিল পুরোপুরি সেল্তার দখলে। একের পর এক আক্রমণে কাঁপিয়ে তুলেছিল রিয়ালের রক্ষণভাগকে। তবে থিবো কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারেনি তারা।

শেষ পর্যন্ত রিয়াল ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে আসে ৭ থেকে ৪-এ। ৩৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭৫, আর বার্সার ৭৯। সামনে রয়েছে দুই দলের মধ্যকার সরাসরি লড়াই — যেখানে একরকম নির্ধারণ হয়ে যেতে পারে লা লিগার ভাগ্য। সেই ম্যাচে হারলে ট্রফি হাতছাড়া হওয়াটা প্রায় নিশ্চিত, আর জিতলে আশার আলো জ্বলতেই থাকবে রিয়ালের।

রিয়াল ভক্তদের জন্য অবশ্যই এটি স্বস্তির জয়, তবে একইসঙ্গে সতর্কবার্তাও। শিরোপা পেতে হলে শুধু জয় নয়, প্রতিটি মুহূর্তে থাকতে হবে নিখুঁত।