ঈদে প্রত্যাবর্তনেও ব্যর্থ সালমান! ‘সিকান্দার’-এর বক্স অফিস সংগ্রহ হতাশাজনক

বিনোদন
ঈদ উপলক্ষে বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’ নিয়ে দেড় বছরের বিরতির পর বড় পর্দায় ফিরেছিলেন বলিউডের ভাইজান সালমান খান। প্রত্যাশা ছিল আকাশছোঁয়া—অনুরাগীরা ভেবেছিলেন, এবার বুঝি বড়সড় হিট নিয়ে ফিরছেন সালমান। কিন্তু বাস্তবে চিত্রটা হল সম্পূর্ণ উল্টো।

৩০ মার্চ (রবিবার) মুক্তি পাওয়া ‘সিকান্দার’ প্রথম সপ্তাহেই ধাক্কা খায়। ঈদের ছুটির সুবিধা নিয়েও শুক্রবারে মাত্র ৩.৫ কোটি রুপি আয় করে ছবিটি। ৬ দিনে ভারতের বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ৯৪ কোটি রুপি। স্যাকনিল্কের তথ্য বলছে, সালমানের জনপ্রিয়তা অনুযায়ী এই সংগ্রহ অনেকটাই হতাশাজনক।

অন্যদিকে, প্রযোজনা সংস্থা দাবি করছে ভিন্ন ছবি—তাদের ভাষ্য অনুযায়ী, ৫ দিনেই ‘সিকান্দার’ আয় করেছে প্রায় ১৬৯.৭৮ কোটি রুপি। তবে বাস্তব চিত্র নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ছবির পাইরেসিকে দায়ী করছেন, কারণ মুক্তির আগেই একাধিক ওয়েবসাইটে ফাঁস হয়ে গিয়েছিল ছবিটি।

ছবিতে সালমানের বিপরীতে ছিলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। আরও অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা এবং সঞ্জয় কাপুর।

এখন নজর শনিবার ও রবিবারের সংগ্রহের দিকে। শেষ পর্যন্ত কি ছবির ভাগ্যে মোড় ঘুরবে, নাকি ঈদের বক্স অফিসেও খালি হাতে ফিরতে হবে সালমানকে—তা সময়ই বলবে।