শাকিব খান আবারও বিপিএলে, এবার পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের দায়িত্বে

খেলা-ধুলা
ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান মানেই চমক! রূপালি পর্দার সীমানা ছাড়িয়ে এবারও মাঠের খেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলমালিকানা নিয়েছেন এই তারকা।

গেল আসরে প্রথমবার ঢাকা ক্যাপিটালসের মালিকানা গ্রহণ করে ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন শাকিব। যদিও দলটি শিরোপা জিততে পারেনি, তবে গ্যালারিতে শাকিবের উপস্থিতি সিনেমা ও ক্রিকেট—দুই দুনিয়ার ভক্তদের মধ্যে এক দারুণ সেতুবন্ধন তৈরি করেছিল।

প্রথম আসরের অভিজ্ঞতা থেকে শিখে এবার আরও শক্তিশালী দল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। আসছে ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, আর এই মৌসুমে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)। জানা গেছে, রিমার্ক-হারল্যানের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন শাকিব খান নিজেই।

বিসিবির সঙ্গে স্বাক্ষরিত নতুন চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানা থাকছে ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়কের হাতে। ফলে আগামী কয়েক আসর জুড়েই বিপিএলে দেখা যাবে শাকিব খানকে দলমালিক হিসেবে, যা ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য একসাথে দারুণ এক আনন্দের খবর।