গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ মনোনয়ন তালিকা প্রকাশ

বিনোদন
বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ এর মনোনয়ন তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তালিকায় সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন কেনড্রিক লামার, মোট নয়টি মনোনয়নসহ। এর মধ্যে রয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘বেস্ট র‍্যাপ অ্যালবাম’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং মর্যাদাপূর্ণ ‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরি।

রাতের সেরা পুরস্কার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এর জন্য লামার তার অ্যালবাম ‘জিএনএক্স’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন ব্যাড বুনি, জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, লেডি গাগা, লিওন থমাস, টাইলর, দ্য ক্রিয়েটর, ক্লিপস, পুশা টি এবং ম্যালিস।

কেনড্রিক লামারের পরেই রয়েছেন লেডি গাগা, যিনি মোট সাতটি মনোনয়ন পেয়েছেন। এছাড়া সংগীত প্রযোজক সার্কিট এবং জ্যাক আন্তোনফের সঙ্গে যৌথভাবে তিনি দ্বিতীয় স্থানে আছেন। অন্যান্য শীর্ষ মনোনীতদের মধ্যে আছেন সাবরিনা কার্পেন্টার, লিওন থমাস এবং ব্যাড বুনি, যারা প্রত্যেকে ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।

এই বছর ইতিহাস তৈরি করেছেন ব্যাড বুনি, যিনি প্রথম স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে গ্র্যামির তিনটি প্রধান বিভাগ — ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘রেকর্ড অব দ্য ইয়ার’ — এ মনোনয়ন পেয়েছেন। রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে তাঁর গান ‘ডিটিএমএফ’ প্রতিযোগিতা করছে, অন্য মনোনীতদের মধ্যে রয়েছেন সাবরিনা কার্পেন্টারের ‘ম্যানচাইল্ড’, ডোচির ‘অ্যানিক্সিটি’, বিলি আইলিশের ‘ওয়াইল্ডফ্লাওয়ার’, লেডি গাগার ‘আব্রাক্যাডাব্রা’, লামার ও এসজেডএ-এর ‘লুথার’, চ্যাপেল রোনের ‘দ্য সাভওয়ে’ এবং ব্রুনো মার্স ও রোজের ‘এপটি’।

বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন অলিভিয়া ডিন, ক্যাটসাই, দ্য মারিয়াস, অ্যাডিসন রে, সোম্বর, লিওন থমাস, অ্যালেক্স ওয়ারেন এবং লোলা ইয়াং। গতবারের বিজয়ী চ্যাপেল রোন এই বছরের মনোনীতদের নাম ঘোষণা করেছেন।

এছাড়া নতুন চালু হওয়া দুটি পুরস্কারের মধ্যে একটি বেস্ট অ্যালবাম কভার এর জন্য প্রথমবার মনোনয়ন পেয়েছেন ওয়েট লেগ, পারফিউম জিনিয়াস, ব্যাড বুনি, ডিজো এবং টাইলর, দ্য ক্রিয়েটর।

তালিকায় এবার গ্র্যামির নিয়মিত তারকা টেলর সুইফট নেই, কারণ তাঁর ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অক্টোবর ২০২৫-এ প্রকাশিত হয়েছে। মনোনয়নের শর্ত ছিল ৩১ আগস্ট ২০২৪ থেকে ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত অ্যালবাম প্রকাশ।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনা-তে অনুষ্ঠিত হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। তবে অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনও ঘোষণা করা হয়নি।