চলতি ফিফা ক্লাব বিশ্বকাপ এখনও গ্রুপ পর্বেই রয়েছে। আজ রাত ১০টায় কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে মুখোমুখি হচ্ছে ব্রাজিলিয়ান দুই ক্লাব—বোটাফোগো ও পালমেইরাস। তবে এরই মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবারের ক্লাব বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে ফেলেছে।
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো হেভিওয়েট ক্লাবগুলোর পাশাপাশি চমক দেখাচ্ছে বেনফিকা, ফ্লামেঙ্গো ও পালমেইরাসের মতো দলগুলো। তবুও, এআই-এর বিশ্লেষণ বলছে—সব দিক বিবেচনায় এবার চ্যাম্পিয়নের শিরোপা উঠতে যাচ্ছে ম্যানচেস্টার সিটির হাতে।
এই ভবিষ্যদ্বাণী কেবল অনুমান নয়; বরং খেলোয়াড়দের পারফরম্যান্স, সাম্প্রতিক ফর্ম, কৌশল এবং কোচের দক্ষতা বিশ্লেষণ করে তৈরি একটি গবেষণালব্ধ ফলাফল। গ্রুপ পর্বে একমাত্র ক্লাব হিসেবে তিনটি ম্যাচেই জয় পেয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ‘সিটিজেন’রা।
রদ্রি, বেনার্দো সিলভা, ফিল ফোডেন, আর্লিং হালান্ডের মতো তারকায় পূর্ণ সিটি দলে যোগ দিয়েছেন দুই উদীয়মান মিডফিল্ডার—টিজানি রেইন্ডার্স ও রায়ান ছের্কি। রক্ষণভাগ সামলাচ্ছেন ভার্ডিওল ও আকাঞ্জিরা। যদিও গত মৌসুমে উল্লেখযোগ্য কিছু জেতা হয়নি গার্দিওলার শিষ্যদের, এবার তারা বেশ দৃঢ় অবস্থানে আছে।
এআই আরও ভবিষ্যদ্বাণী করেছে—ম্যানসিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে দুটি দল: জাবি আলোনসোর নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ এবং ফেলিপে লুইজের ফ্লামেঙ্গো। এমনকি ফাইনালে ম্যানসিটি ও ফ্লামেঙ্গোর মুখোমুখি হওয়ার সম্ভাবনাও দেখিয়েছে বিশ্লেষণ। তবে তার আগে বায়ার্ন মিউনিখের কঠিন বাধা টপকাতে হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে।