ইসরায়েলে আটক দুই ব্রিটিশ এমপি

আন্তর্জাতিক
ইসরায়েল সফররত ব্রিটিশ পার্লামেন্টের দুই সদস্যকে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সফরের অংশ হিসেবে তাঁরা ইসরায়েলের একটি সরকারি কার্যালয়ে প্রবেশ করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া দুই এমপি হলেন লেবার পার্টির ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহামেদ। ইসরায়েলি অভিবাসন মন্ত্রণালয় দাবি করেছে, ওই দুই এমপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তাঁরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার পাশাপাশি ইসরায়েলবিরোধী মনোভাব ছড়িয়ে দিতে পারেন—এই সন্দেহেই তাঁদের আটক করা হয়েছে।

ইউয়ান ইয়াং আর্লি ও উডলি আসনের এবং আবতিসাম মোহামেদ শেফিল্ড সেন্ট্রাল আসনের প্রতিনিধিত্ব করেন। তাঁরা গতকাল (শনিবার) লুটন থেকে ইসরায়েলে পৌঁছান।

পররাষ্ট্রমন্ত্রী ল্যামি এক বিবৃতিতে বলেছেন, “আমি ইসরায়েল সরকারের প্রতি স্পষ্টভাবে বলতে চাই, ব্রিটিশ সংসদ সদস্যদের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা পার্লামেন্টের ওই দুই সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি।”

তিনি আরও বলেন, যুক্তরাজ্য চায় গাজায় রক্তপাত বন্ধ হোক, জিম্মিরা মুক্ত হোক এবং যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনায় ফিরে যাওয়া সম্ভব হোক।