ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনা, ছয়জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক
ফ্লোরিডার ট্যালাহাসিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির  স্টুডেন্ট ইউনিয়ন ভবনে গুলির ঘটনায় অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, বলে জানিয়েছে সি বি এস  নিউজ।

ট্যালাহাসি মেমোরিয়াল হেলথকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি পাঁচজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটি একটি দুঃখজনক ও ভয়াবহ ঘটনা।”

এদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, “আমাদের প্রার্থনা ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি পরিবারের সঙ্গে রয়েছে।” তিনি জানান, রাজ্য পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে ঘটনার তদন্তে কাজ করছেন।