বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল সৌদি আরব

আন্তর্জাতিক
হজ মৌসুমে ভিড় ও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ ১৪টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। নিষেধাজ্ঞাটি মূলত ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওমরাহ ভিসাধারীরা সর্বশেষ ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। আর পাকিস্তানি ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা যেসব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য, তার মধ্যে রয়েছে: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ভ্রমণকারী দীর্ঘমেয়াদি ভিসা ব্যবহার করে অনুমতি ছাড়া হজে অংশ নেন কিংবা অবৈধভাবে দেশটিতে অবস্থান করেন। এতে হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়, যা সামাল দিতে কঠিন হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ আরও সতর্ক করে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এই সাময়িক নিষেধাজ্ঞা আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে।