সালমানের বিরুদ্ধে প্রথম প্রেমিকা সোমি আলির বিস্ফোরক অভিযোগ

বিনোদন
বলিউড তারকা সালমান খানকে ঘিরে আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে সোমি দাবি করেছেন, সালমান এখনো নানাভাবে তাকে হেনস্থা করছেন এবং অচেনা নম্বর থেকে ফোন করে ভয় দেখাচ্ছেন।

সোমির ভাষায়, “সালমান খান এখনও আমার পিছু ছাড়ছেন না। ২০২৫ সালেও তিনি আমাকে হুমকি দিচ্ছেন। অচেনা নম্বর থেকে ফোন করে ভয় দেখানো হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেছেন, সালমান শুধু তাকে নয়, তার পরিচালিত এনজিও ‘নো মোর টিয়ার্স’-কেও অপমান করার চেষ্টা করছেন। সোমির দাবি, অভিনেতা বলিউডে তাকে বয়কট করেছিলেন, যার ফলে অনেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এমনকি এখন সালমান নাকি হলিউডেও একই প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

সোমি জানান, তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল ১৯৯৮ সালে, সালমানের প্রতারণার কারণে। কিন্তু এত বছর পরও তিনি শান্তিতে থাকতে পারছেন না। তার অভিযোগ, সালমান এখন তার সৎ বোন ও ভাগ্নের সঙ্গেও যোগাযোগ রাখছেন এবং মুম্বাইয়ে তার চরিত্র নিয়ে অপবাদ ছড়াচ্ছেন।

সোমির কথায়, “আমি এই মিথ্যে অভিযোগ আর সহ্য করতে পারছি না। সবাই যেন বিচার করেন।”

এ বিষয়ে এখনো পর্যন্ত সালমান খানের পক্ষ থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া যায়নি।