সালমানকে সমর্থন অক্ষয়ের, বললেন, ‘টাইগার কখনো মরে না!’

বিনোদন
বলিউডে প্রায় একই সময়ে যাত্রা শুরু করেছিলেন সালমান খান ও অক্ষয় কুমার। দুইজনই ইন্ডাস্ট্রির সুপারস্টার, আর তাদের বন্ধুত্বের রসায়ন বহু পুরনো। ‘মুঝসে শাদি কারোগি’, ‘জান-ই-মান’-এর মতো একাধিক হিট ছবিতে একসঙ্গে দেখা গেছে তাঁদের।

তবে সাম্প্রতিক সময়ে সালমান খান বেশ চাপের মুখে। টানা কয়েকটি ছবির দুর্বল কনটেন্ট ও বক্স অফিসে ব্যর্থতা তাঁকে সমালোচনার কেন্দ্রে এনে দিয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দার’-ও প্রত্যাশা পূরণ করতে পারেনি। মুক্তির ১৭ দিনের মাথায় ছবিটির আয় মাত্র ২৫ লক্ষ রুপি, আর মোট দেশীয় বক্স অফিস সংগ্রহ মাত্র ১০৯ কোটি রুপি। প্রথম সপ্তাহে আয় করেছিল প্রায় ৯০ কোটি, কিন্তু এরপর দর্শকের আগ্রহ হ্রাস পায়।

‘সিকান্দার’-এর অবস্থাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে সানি দেওলের ‘জাট’ ছবির মুক্তি। এই ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ায় ‘সিকান্দার’-এর আয় আরও কমতে শুরু করে।

এরই মাঝে দিল্লিতে নিজের আগামী ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-এর একটি বিশেষ প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন অক্ষয় কুমার। সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সাম্প্রতিক সময়ে বড় তারকাদের ছবি কেন ভালো করছে না, বিশেষ করে সালমানের ছবি নিয়ে আলোচনা প্রসঙ্গে।

জবাবে অক্ষয় বলেন,
“দেখুন, এটা ভুল কথা। এমনটা হতে পারে না। টাইগার জিন্দা হয় এবং সবসময় থাকবে। সালমান এমন জাতের টাইগার যার জীবনে কখনোই মৃত্যু হয় না।”

অক্ষয়ের এই মন্তব্যে স্পষ্ট, বন্ধুত্বে এখনো দৃঢ় তিনি এবং সমালোচনার মুখেও পাশে দাঁড়িয়েছেন সালমানের।

এখন দেখার পালা, আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে যাওয়া অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার ২’ দর্শকদের মনে কতটা দাগ কাটে। সালমানের মতো কি অক্ষয়ের ছবিও সমালোচনার মুখে পড়বে, নাকি বাজিমাত করবে বক্স অফিসে, উত্তর দেবে সময়ই।