সামান্থার প্রেমের গুঞ্জন চরমে, সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ সেলফি ঘিরে আলোচনার ঝড়

বিনোদন
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরুকে ঘিরে প্রেমের গুঞ্জন জোরাল হচ্ছে। বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা থাকলেও, নতুন করে প্রেমের পথে পা বাড়িয়েছেন সামান্থা—এমনই ইঙ্গিত মিলছে সোশ্যাল মিডিয়া ও ঘনিষ্ঠ সূত্র থেকে।

সম্প্রতি সামান্থা ইনস্টাগ্রামে ‘সুভম’ সিনেমার সেট থেকে কিছু ‘বিহাইন্ড দ্য সিন’ মুহূর্ত শেয়ার করেন। তার মধ্যে একটি ছবি বিশেষভাবে নজর কাড়ে—যেখানে দেখা যায়, ফ্লাইটে রাজের কাঁধে মাথা রেখে ঘনিষ্ঠ ভঙ্গিতে আছেন সামান্থা। এই ছবিটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা। অনেকেই দুজনকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

যদিও এখনো কেউ প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে তাদের ঘনিষ্ঠতা বেশ স্পষ্ট। তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়া এবং অতীতে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’তে একসঙ্গে কাজ করাও এই সম্পর্কের গুঞ্জনকে বাড়িয়ে দিচ্ছে।

খবরে আরও জানা গেছে, ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি নতুন প্রকল্পেও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। এমনকি একটি সূত্রের বরাতে দাবি করা হয়েছে, তারা নাকি এখন একসঙ্গে বসবাসের পরিকল্পনায় রয়েছেন এবং বাড়ি খোঁজা শুরু করেছেন।

উল্লেখ্য, রাজ নিদিমোরু এর আগে সহ-পরিচালক শ্যামলী দের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। শোনা যাচ্ছে, ‘সিটাডেল হানি বানি’ সিরিজের শুটিং চলাকালেই রাজ ও সামান্থার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

যদিও এই সম্পর্ক নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন, তবে তাদের সাম্প্রতিক ছবি ও কার্যকলাপ ভক্তদের মনে প্রশ্ন তুলছে—নতুন প্রেমের সূচনা কি তাহলে সত্যি?