তারা যা করেন, তা নিয়ে চর্চা হবে—এটা তারকাদের জীবনের অংশ। সম্প্রতি সেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে আতশবাজি ফাটানোর কারণে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বামী নিক জোনাসের সঙ্গে উদযাপনে অংশ নেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উদযাপনের মুহূর্ত শেয়ারও করেন তিনি। ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে নিকের হাত ধরে আনন্দ করছেন প্রিয়াঙ্কা, আর আকাশজুড়ে চলছে আতশবাজির ঝলকানি। সেই পোস্টে তিনি লিখেছেন, “৪ জুলাইয়ের শুভেচ্ছা সকলকে।”
তবে এই উদযাপন ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় নেটিজেন। তাদের অভিযোগ, দীপাবলিতে বাজি না ফোটানোর জন্য মানুষকে উপদেশ দেওয়া প্রিয়াঙ্কা নিজেই এখন বাজি ফাটিয়ে আনন্দ করছেন! কেউ কেউ তাকে ‘হিপোক্রিট’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন। কেউ মনে করিয়ে দিয়েছেন, "বায়ুদূষণের বিরুদ্ধে এত সোচ্চার ছিলেন, এবার আপনার লেকচার কোথায় গেল?"
উল্লেখ্য, ২০১৮ সালে এক ভিডিও বার্তায় প্রিয়াঙ্কা চোপড়া দীপাবলিতে বাজি না ফোটানোর অনুরোধ করেছিলেন হাঁপানির রোগী হিসেবে। তার ভাষায়, “আমার হাঁপানি রয়েছে। দয়া করে আমার শ্বাসরোধ করবেন না।” এমনকি ২০১৯ সালে দিল্লির বায়ুদূষণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি, যেখানে তিনি বলেছিলেন, “ভাগ্যিস আমাদের কাছে এয়ার পিউরিফায়ার আর মাস্ক রয়েছে।”
পুরনো সেই বক্তব্যের বিপরীতে তার সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, তার বক্তব্য ও কাজের মধ্যে রয়েছে দ্বৈত মানসিকতা।
প্রসঙ্গত, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে এখনো তিনি দেশীয় সংস্কৃতি ও রীতিনীতি পালন করে চলেন এবং বলিউডে কাজ করার প্রতিও আগ্রহী।
এই ঘটনায় এখনো পর্যন্ত প্রিয়াঙ্কার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।