পরীমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, তদন্তে ভাটারা থানা

বিনোদন
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হিসেবে পিংকি আক্তার নামে এক তরুণী বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি এখন প্রাথমিক তদন্তাধীন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে এটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে থাকবে, নাকি মামলা হিসেবে গ্রহণ করা হবে।” থানার এসআই আরিফুল ইসলাম এই বিষয়ে প্রাথমিক তদন্ত করছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরীমণি ওই তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমণি। তার দাবি, পিংকি তার স্থায়ী গৃহকর্মী নন, বরং একটি এজেন্সির অনুরোধে সাময়িকভাবে তাকে আশ্রয় দিয়েছিলেন।

গণমাধ্যমে পরীমণি জানান, “মেয়েটি চাকরির জন্য কাঁদো কাঁদো মুখে এসেছিল। বলেছিল, বাচ্চা নিয়ে না খেয়ে আছে। আমি দয়া করে তাকে এক মাস থাকার অনুমতি দিই। সে কোনো কাজ করতে পারত না, আমি বলেছিলাম শুধু বাচ্চাদের সঙ্গে খেলুক।”

তবে কিছুদিনের মধ্যেই মেয়েটির আচরণে সন্দেহ হয় পরীমণির। তিনি বলেন, “ও প্রায় সময় ফোনে ব্যস্ত থাকত, ছবি ও ভিডিও পাঠাত কোথায় যেন। একের পর এক অজুহাতে শুধু টাকা চাইত। আমি তাকে ২০ হাজার টাকা বেতন, ঈদের বোনাস, সালামি এবং নতুন পোশাক দিয়ে বিদায় দিতে চেয়েছিলাম, তখনই সে ব্ল্যাকমেইল শুরু করে।”