বলিউডের গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও প্রমাণ করলেন—তিনি হেরে যাওয়ার পাত্রী নন। সৌন্দর্যের মঞ্চ হোক, রুপালি পর্দা কিংবা আইনি লড়াইয়ের অঙ্গন—প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতা ও দৃঢ়তা দিয়ে জয় ছিনিয়ে এনেছেন। এবার আয়কর দপ্তরের সঙ্গে দীর্ঘদিনের আইনি দ্বন্দ্বে বড় জয় পেলেন সাবেক এই বিশ্বসুন্দরী।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আয়কর দপ্তরের সঙ্গে প্রায় ৪ কোটি রুপির বিবাদে ঐশ্বরিয়া শেষমেশ জয়ী হয়েছেন। ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য জমা দেওয়া তাঁর আয়কর ফাইলিং নিয়েই শুরু হয় এই জটিলতা। নিজের রিটার্নে ঐশ্বরিয়া মোট ৩৯.৩৩ কোটি রুপি আয়ের ঘোষণা দেন, যার মধ্যে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ছিল ২.১৪ কোটি রুপি। একই সঙ্গে তিনি ৪৯.০৮ লাখ রুপি স্বেচ্ছা ডিসঅ্যালাওয়েন্সও দেখান।
তবে আয়কর দপ্তর তাঁর হিসাব নিয়ে আপত্তি জানায় এবং নোটিশ পাঠায়। ট্যাক্স অ্যাসেসিং অফিসার ঐশ্বরিয়ার ডিসঅ্যালাওয়েন্স পুনর্মূল্যায়ন করে সেটি বাড়িয়ে ৪.৬০ কোটি রুপি নির্ধারণ করেন, ফলে তাঁর মোট আয় দাঁড়ায় ৪৩.৪৪ কোটি রুপি। এ সিদ্ধান্তের বিরোধিতা করেই ঐশ্বরিয়া মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল (আইটিএটি)-এ আবেদন করেন।
শেষমেশ ট্রাইব্যুনালের রায়ে ঐশ্বরিয়ার দাবিই গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়। আইটিএটি জানায়, অ্যাসেসিং অফিসার যথাযথভাবে তাঁর বিনিয়োগ ও ব্যয়ের বিস্তারিত যাচাই না করেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অযৌক্তিক। ট্রাইব্যুনাল মন্তব্য করে, “মোট খরচ ও ডিসঅ্যালাওয়েন্সের মধ্যে সামঞ্জস্যহীনতা থাকা সত্ত্বেও তা যুক্তির ঘাটতি প্রকাশ করে।” ফলে ঐশ্বরিয়ার পক্ষেই রায় যায় এবং আয়কর দপ্তরের আপত্তি খারিজ হয়ে যায়।
যদিও এই আইনি লড়াইয়ে জয় পেয়েছেন ঐশ্বরিয়া, ব্যক্তিজীবনে তাঁকে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের গুজব প্রায়ই শোনা যায়। একই সঙ্গে তাঁর শারীরিক পরিবর্তন নিয়েও অনলাইন ট্রোলারদের কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। তবে সব সমালোচনা ও গুজবকে উপেক্ষা করে নীরবতা বজায় রেখেছেন এই বলিউড তারকা—যেমনটা তিনি বরাবরই করে আসছেন।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।