"সালমান খান ও তাঁর পরিবারকে খুনের হুমকি"

বিনোদন
বলিউডের সুপারস্টার সালমান খান আবারও চরম নিরাপত্তা হুমকির মুখোমুখি। এবার শুধু তাকে নয়, তার পুরো পরিবারকেই হত্যার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে এসেছে বোমা হামলার ভয়ঙ্কর বার্তা—বাড়ি ও গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি!

হুমকির এই বার্তাটি পাঠানো হয়েছে মুম্বাইয়ের ওরলি ট্রাফিক বিভাগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। ঘটনা জানার পরপরই ওরলি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারী দল এখন বার্তাটি পাঠানো নম্বরটি ট্র্যাক করছে এবং কে বা কারা এর পেছনে রয়েছে, তা খুঁজে বের করতে তৎপর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সরাসরি সালমান খানের বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তার গাড়িতে বোমা পুঁতে রাখার কথাও জানানো হয়। পুলিশ আশঙ্কা করছে, এই ঘটনার সঙ্গে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকতে পারে।

উল্লেখ্য, সালমান খান ও বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতার ইতিহাস দীর্ঘদিনের। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় এই শত্রুতার সূত্রপাত। এরপর থেকেই সালমান খান নিয়মিত হুমকির মুখে পড়ে আসছেন।

গত বছরও সালমানের বাড়ির সামনে গুলি চালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এরপর তাকে ৫ কোটি টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় কিংবা তাদের সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে বলা হয়।

এমন পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার তার নিরাপত্তা জোরদার করেছে। বর্তমানে সালমান খান ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। গতকাল রবিবার ভাইজানকে মুম্বাই ত্যাগ করতে দেখা গেছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। তাঁর দেহরক্ষী শেরাকে দেখা গেছে অত্যন্ত চিন্তিত অবস্থায়।

সাম্প্রতিক একটি অনুষ্ঠানে সালমান এই হুমকি নিয়ে মুখ খুলে বলেন, “ঈশ্বর, আল্লাহ সব উপরে। যতদিন জীবনে লেখা আছে, ততদিনই বেঁচে থাকব। সমস্যা একটাই, এত মানুষকে নিয়ে চলতে হয়, তাই দুশ্চিন্তা বাড়ে।”

বলিউডে এখন বাড়ছে উদ্বেগ। সালমান খানের ভক্তরাও চাইছেন, যেন দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।