সাতক্ষীরায় পারিবারিক বিরোধে বড় ভাইকে হত্যা, আটক ৩

অপরাধ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই মোশারফ সরদার (৪৮) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছোট দুই ভাই সোহরাব সরদার (৩৮), আশরাফ সরদার (৩২) এবং এক নারী শাহিনা বেগমকে আটক করেছে। শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়।

নিহত মোশারফ সরদার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে খালে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন মোশারফ সরদার ও তার ভাই হোসেন আলী সরদার। এ সময় তাদের অন্য দুই ভাই আশরাফ ও সোহরাব এসে বাঁধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আশরাফ ছুরি দিয়ে মোশারফকে আঘাত করেন এবং সোহরাবও তাকে মারধর করেন। হস্তক্ষেপ করতে গেলে আহত হন হোসেন আলী সরদারও।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই মোশারফের মৃত্যু হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত দুই ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।