চট্টগ্রামের সাতকানিয়ায় এক মানসিক প্রতিবন্ধী (৫০) নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার জলিয়ার বড় বাড়ির বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় চরতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. নাছির উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে ওই মানসিক প্রতিবন্ধী নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত দেলোয়ার। তখন তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও অন্ধকারে দেলোয়ার পালিয়ে যায়। এরপর গত ৪ এপ্রিল ভোররাতে একই ঘটনা পুনরায় ঘটানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দেলোয়ার একাধিকবার ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মামলার বাদী গ্রাম পুলিশ মো. নাছির উদ্দিন বলেন, "পাগল বলে কি তার ন্যায়বিচার পাওয়ার অধিকার নেই? বিবেকের দায়বদ্ধতা থেকেই আমি মামলা করেছি। আমি চাই সে সুবিচার পাক।"
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “আটককৃত দেলোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।”