রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই, চুরি ও বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের পরদিন আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানায়। এতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পেশাদার ছিনতাইকারী, কেউ চোর আবার কেউ পরোয়ানাভুক্ত আসামি।
বিজ্ঞপ্তিতে ১১ জন গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন—মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সোহান (৩৮), এনায়েত (৪৫), নুর আলম (৪৫) ও তোফায়েল (৫০)। বাকি ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
ডিএমপি জানিয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।