মাগুরায় নির্যাতনের শিকার শিশুর জীবন-মৃত্যুর লড়াই: দেশবাসীর কাছে দোয়া চাইল সেনাবাহিনী

অপরাধ

ঢাকা, ১২ মার্চ ২০২৫ (বুধবার):

সেনাবাহিনীর অফিসিয়াল তথ্যমতে, শিশুটির জীবন রক্ষায় সিএমএইচের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দল আন্তর্জাতিক মানের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আজ (১২ মার্চ) শিশুটি চারবার Cardiac Arrest বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে CPR প্রদান করে তাকে সাময়িক স্থিতিশীল রাখা হয়েছে।

এছাড়া, রক্তে লবণের ভারসাম্য (Electrolyte Imbalance) চরমভাবে বিঘ্নিত হওয়ায় ডায়ালাইসিস চলছে। বর্তমানে শিশুটির রক্তচাপ ৬০/৪০, যা স্বাভাবিকের তুলনায় অনেক নিচে এবং আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

গত ৮ মার্চ ২০২৫, সন্ধ্যা ৬টায় শিশুটিকে চরম আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। তারপর থেকে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিনিয়ত আন্তর্জাতিক মানের আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা  করছেন।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির জীবন রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও সচেষ্টতার সাথে কাজ করছে এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে যেন সবাই শিশুটির সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

আমাদের সকলের দোয়া ও ভালোবাসাই পারে শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। আসুন, সবাই মিলে শিশুটির জন্য দোয়া করি।"

মাগুরায় নির্মম নির্যাতনের শিকার হওয়া শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পিআইসিইউ-তে (Pediatric Intensive Care Unit) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।