প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: তিন যুবক ৭ দিনের রিমান্ডে

অপরাধ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার তিনজনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গ্রেফতারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের ঘটনাস্থলে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, মামলার ২ নম্বর আসামির সঙ্গে মোবাইল ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগ করে তাকে ঘটনাস্থলে ডেকে আনার প্রমাণও পাওয়া গেছে।

বনানী থানা সূত্রে জানা গেছে, এ তিনজন সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আল কামাল থাকেন বিটিসিএল কলোনীতে; তার গ্রামের বাড়ি খুলনার তেরখাদার বিলদুড়িয়ার শেখপাড়া। আলভী হোসেন জুনায়েদ বনানীর মসজিদ গলিতে থাকেন, তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলের দক্ষিণ জাহাঙ্গীরপুর (বালুর পুকুরপাড়া)। আল আমিন সানির বর্তমান ঠিকানা মহাখালী ওয়ারলেস গেট, আর গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী।

ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার বিকেলে। পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে ঘিরে হাসাহাসির ঘটনায় পারভেজের সঙ্গে ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানায়। তবে ক্যাম্পাস ত্যাগের পরপরই পারভেজকে ৩০ থেকে ৪০ জন মিলে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে রাতে ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে দাফন সম্পন্ন হয়।