তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছোড়ার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ একজনকে শনাক্ত করেছে। অভিযুক্ত ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার রাতে রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, “ভিডিও দেখে বোতল ছোড়ার সময় যে ব্যক্তিকে দেখা গেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ইশতিয়াক হোসাইন। ঘটনার পর সে পালিয়ে গেছে। পুলিশ বিভিন্ন ইউনিটের মাধ্যমে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। আশা করছি, খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ইশতিয়াক আগে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। আজ সকাল থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে আন্দোলনে অংশ নেওয়া তার সহপাঠীরা।
ঘটনাটি ঘটে বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে কথা বলতে সেখানে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কথা বলার একপর্যায়ে হঠাৎ একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তাঁর মাথায় লাগে। এরপর তিনি আর কিছু না বলেই স্থান ত্যাগ করেন।
প্রায় ১৫ মিনিট পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। তিনি বলেন, “কে বা কারা এই কাজ করেছে, আপনারা দেখবেন, এটা একটা নির্দিষ্ট গ্রুপের কাজ। যাঁদের হিংসা এবং অনলাইন আক্রমণ বিগত আট মাস ধরে চলছে, তারাই আজ এখানে এমন ঘটনা ঘটিয়েছে।”