চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে হত্যা, বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘাতকের মৃত্যু

অপরাধ
রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করে স্থানীয় এক যুবক। পরে এলাকাবাসীর গণপিটুনিতে প্রাণ হারান অভিযুক্ত হামলাকারী। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতার হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ ছয়জন আহত হন।

নিহত মাছ ব্যবসায়ী আবদুর রাজ্জাক (৩৫) নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আমিনুল ইসলাম (২২) একই গ্রামের মো. ঝড়ুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাছ বিক্রি শেষে আবদুর রাজ্জাক রনশিবাড়ি বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আমিনুল ইসলাম তাঁর কাছে চাঁদা দাবি করেন। রাজ্জাক এতে রাজি না হলে, পাশের কামারের দোকান থেকে ছুরি এনে রাজ্জাকের বুকে আঘাত করেন। ঘটনাস্থলেই রাজ্জাক মারা যান।

পরে আমিনুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাঁকে একটি বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা বাধা দেয়। এক পর্যায়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে মারধর করে আমিনুলকে ছিনিয়ে নেয় তারা। এরপর তাকে বাইরে এনে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।