গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে সংঘর্ষে নিহত ছাত্রদল কর্মী

অপরাধ
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদল কর্মী মারা গেছেন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আবিদ ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন জানান, আবিদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, দেখে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

এর আগে বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। এতে মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ।

মনোনয়ন না পেয়ে হিরণপক্ষ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন। রবিবার বিকেলে ইকবাল হোসেনের সমাবেশ গৌরীপুর সরকারি কলেজ মাঠে এবং হিরণপক্ষের কর্মসূচি মধ্যবাজার এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। কিছু দোকানের মালামাল বাইরে এনে আগুনও দেওয়া হয়। হিরণপক্ষের দাবি, তাদের অন্তত ৪০ জন আহত হয়েছেন, আর ইকবালপক্ষ বলছে, তাদের ১০ জন আহত হয়েছেন।

ইকবালপক্ষের নেতাকর্মীরা দাবি করেন, নিহত তানজিন আহমেদ আবিদ তাদের কর্মী এবং প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। তবে হিরণপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, “দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আবিদ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”