খুলনায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের এক পর্যায়ে ইসরায়েলবিরোধী স্লোগান দিতে দিতে একদল আন্দোলনকারী নগরীর দুটি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় কেএফসি রেস্টুরেন্ট ও বাটার শো-রুম ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফেরিঘাট মোড় হয়ে আবার শিববাড়ি মোড়ে ফিরে আসে। তবে মিছিলের একটি অংশ সরে গিয়ে ময়লাপোতা মোড়ের দিকে যায়। সেখান থেকে সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা নগরীর কেএফসি রেস্টুরেন্টে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এবং খাদ্য সামগ্রী বাইরে ফেলে দেয়।
ভাঙচুরের সময় আন্দোলনকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকে। কেএফসির পাশেই অবস্থিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে এ সময় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পরিদর্শনে দেখা যায়, কেএফসির চেয়ার-টেবিল, ক্যাশ কাউন্টার, টিভি, ফ্রিজসহ সব কিছু ভাঙচুর করা হয়েছে। রেস্টুরেন্টের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসপ্রাপ্ত আসবাবপত্র। এ বিষয়ে কেএফসির কোনো কর্মকর্তা বা কর্মচারী মন্তব্য করতে রাজি হননি।
পরবর্তীতে কিছু লোক শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেন ভবনের নিচতলায় থাকা বাটা শো-রুমে গিয়েও একইভাবে হামলা চালায়।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।