কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

অপরাধ
চট্টগ্রামে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে চাঁদনি খাতুন (৩০) নামে এক নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বন্দর থানাধীন বাকের আলী টেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাঁদনি খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের ইপিজেড এলাকার এভারটোব বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি বন্দর থানার ঊষাপাড়া মাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানিয়েছে, চাঁদনি খাতুন যখন কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন, তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে খুঁজছে পুলিশ, এবং তদন্ত চলছে। নিহতের ভাষ্য অনুযায়ী, হাসপাতাল নেওয়ার সময় তিনি বলেছেন তার স্বামীই তাকে ছুরিকাঘাত করেছে এবং পালিয়ে গেছে।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহ এখন চমেক হাসপাতাল মর্গে রাখা আছে এবং পুরো বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।