উখিয়ায় মাদকের নেশায় বিভোর পিতার নির্মমতা: চার বছরের শিশুকন্যাকে হত্যা করে খালে ভাসিয়ে দিলেন

অপরাধ
কক্সবাজারের উখিয়ায় হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছেন এক পিতা। পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত এক ব্যক্তি চার বছরের মেয়েকে নির্মমভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে খালের পানিতে ফেলে দেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে, উপজেলার মনখালীর কোনারপাড়া এলাকায়।

ঘটনার পরপরই উখিয়া থানা পুলিশ অভিযুক্ত পিতা আমান উল্লাহকে (৩৩) গ্রেপ্তার করে। নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা। তার মরদেহ উদ্ধার করা হয়েছে রাত ১০টার দিকে পাশের খাল থেকে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, ‘ঘটনার রাতে আমান উল্লাহ তার স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মেয়ে কানিজ ফাতেমার মাথায় হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে মরদেহ খালে ফেলে দেন তিনি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’

মেয়ের মৃত্যুর পর শিশুটির মা জোসনা আক্তার উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আমান উল্লাহকে গ্রেপ্তার করে রোববার সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখান থেকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জোসনা আক্তার জানান, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগেও মাদক সংশ্লিষ্ট অপরাধে জেল খেটেছেন। তার নেশার বলি হলো আমার নিষ্পাপ মেয়ে।’

পুলিশ জানিয়েছে, মরদেহে মাথা ও শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু কানিজের মৃত্যু ঘিরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।