‘আমার লোক–তোমার লোক’ রাজনীতি থেকে সরে আসতে হবে: আসিফ নজরুল

বাংলাদেশ
রাজনৈতিক দলগুলোকে ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর মতে, এই সংস্কৃতি কেবল বড় দল বিএনপি ও জামায়াত নয়, ছোট ও উদীয়মান দলগুলোকেও গ্রাস করছে।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

আসিফ নজরুল বলেন, “গত ছয় মাসে মাত্র দুজন পুলিশ কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। একজন বলেছেন কর্মকর্তাকে সরাতে, আরেকজন বলেছেন কেন সরানো হলো। এ ধরনের ‘আমার লোক, তোমার লোক’ মনোভাব থেকে বিএনপি–জামায়াতসহ সব দলকে বেরিয়ে আসতে হবে। ছোট দল ও নতুন দলগুলোও এই মানসিকতা থেকে মুক্ত নয়। বড় হলে তারাও একই রোগে আক্রান্ত হবে—এ আশঙ্কা আছে।”

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সাবেক আইজিপি নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী এবং মানবাধিকার কর্মী নূর খান।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের এবং পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম বৈঠকে অংশ নেন।