বিনিয়োগকারীদের প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, মর্টগেজ সম্পত্তির অতিমূল্যায়নের মাধ্যমে জালিয়াতির কৌশলে বন্ড ইস্যু করে বিপুল অঙ্কের অর্থ তুলে নেওয়া হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিএসইসির সাবেক চার কমিশনারসহ আইএফআইসি ব্যাংকের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তারা। আসামিদের বিরুদ্ধে বন্ডের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।