রাজধানীতে ১৩ নভেম্বরকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বা যাচাই ছাড়া মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেওয়া বিপজ্জনক হতে পারে।
মঙ্গলবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, কেউ মোটরসাইকেল বা গাড়ি ভাড়া নেওয়ার অনুরোধ করলে আগে ভালোভাবে যাচাই করতে হবে, যেন কোনো দুর্বৃত্ত তা নাশকতার কাজে ব্যবহার না করতে পারে। পাশাপাশি সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানাতে নাগরিকদের অনুরোধ করেন তিনি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা দায়ের ও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবর থেকে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ১৪টি ঝটিকা মিছিল ও মোট ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন,
“যারা নাশকতা করতে চায়, ঢাকাবাসী তাদের প্রতিহত করবে। রাজধানীর নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত।”