১০ হাজার হজযাত্রী নিয়ে উদ্বেগ, গাফিলতির দায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

বাংলাদেশ
হজ ব্যবস্থাপনায় কিছু হজ এজেন্সির দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে বেসরকারি পর্যায়ের ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু এজেন্সি তাদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে, যার ফলে ওইসব হজযাত্রীর যাত্রা অনিশ্চয়তার মুখে পড়েছে।

তিনি আরও জানান, হজযাত্রীদের অবস্থান ও তথ্য পর্যবেক্ষণের জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দিয়েছে কিছু এজেন্সির অবহেলার কারণে।

ধর্ম উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এখন পর্যন্ত ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে, কারণ তারা এখনও হজযাত্রীদের জন্য বাড়িভাড়া এবং পরিবহনের ব্যবস্থা করেনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।