রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশে বর্তমানে অনেক হয়রানিমূলক ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে। তিনি উল্লেখ করেন, অন্যের জমি, সম্পত্তি ও ব্যবসা দখলের উদ্দেশ্যে এ ধরনের মামলা করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পরিতাপের বিষয়।
আইন উপদেষ্টা বলেন, "বাংলাদেশের আইনে মামলা দায়েরের ক্ষেত্রে কোনো বাধা নেই। তাই অনেকেই সুযোগ নিয়ে উদ্দেশ্যমূলক মামলা করছেন। মামলা হওয়ার পর সরকার পুলিশ ও আদালতের মাধ্যমে প্রতিকার দেওয়ার চেষ্টা করছে। তবে যখন অতিরিক্ত আসামি যুক্ত হয়ে মামলা হয়, তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।"
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের উদ্দেশে বারবার নির্দেশ দেওয়া হয়েছে যে, অভিযোগের যথাযথ সত্যতা না পেলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। আদালতও এ ধরনের হয়রানিমূলক মামলায় ভুক্তভোগীদের আইনগত সহায়তা দেওয়ার চেষ্টা করছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ নজরুল আহ্বান জানান, সাংবাদিকরা যেন উদ্দেশ্যমূলক মামলা দায়েরকারীদের খুঁজে বের করে তাঁদের উদ্দেশ্য জনসমক্ষে প্রকাশ করেন। তিনি বলেন, "যদি দেখা যায় কেউ শত্রুতা, চাঁদাবাজি বা জমি দখলের উদ্দেশ্যে মামলা করেছে, তাহলে তাঁদের ভূমিকা জনগণের সামনে তুলে ধরুন। সরকার এ বিষয়ে আরও কী ব্যবস্থা নিতে পারে, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।"
এ ছাড়া, আইন মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনি বিড়ম্বনা কমানো, সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে কাজ করছেন আইন উপদেষ্টা। এরই অংশ হিসেবে দেওয়ানি কার্যবিধিতে যুগান্তকারী সংশোধন করা হয়েছে, যা নীতিগতভাবে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ফৌজদারি কার্যবিধিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে তিনি জানান। আসিফ নজরুল বলেন, দেশে বছরে গড়ে ৫ লাখ মামলা হয়, অথচ জাতীয় আইনগত সহায়তা সংস্থা বছরে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি করতে পারে। এই সক্ষমতা বাড়িয়ে বছরে দুই লাখ মামলা নিষ্পত্তি করা গেলে দেশের আদালতের মামলাজট কমপক্ষে ৪০ শতাংশ কমে আসবে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে সেরা লিগ্যাল এইড অফিসার এবং সেরা প্যানেল আইনজীবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইন উপদেষ্টা। স্বাগত বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানী।