হালনাগাদে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৭৬ লাখ ছাড়াল

বাংলাদেশ
তৃতীয় ধাপের হালনাগাদ শেষে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এই নতুনদের তথ্য যাচাই-বাছাই শেষে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। তবে পুরনো ভোটারদের ক্ষেত্রে এ প্রক্রিয়া প্রযোজ্য নয়।

তিনি জানান, চলতি মাসের ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে।